জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) উত্তোলনের নিয়মাবলি
একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) হলো এক বিশেষ ধরনের মার্কশিট, যা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় (NU) থেকে সংগ্রহ করতে হয়।
- সময়
- ৫–৭ কর্মদিবস*
- ফি
- ৳৭০৭
- সংগ্রহ
- গাজীপুর মেইন ক্যাম্পাস
*দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সময়ে তারতম্য হতে পারে। প্রফেশনাল কোর্স ও পুরোনো ব্যাচের (Old Batch) শিক্ষার্থীদের ক্ষেত্রে ১–২ মাসও লাগতে পারে।
এই পেজে (সূচিপত্র)
একাডেমিক ট্রান্সক্রিপ্ট কী এবং কখন প্রয়োজন হয়
বিদেশে আবেদনের সময় ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হয়, এবং বেশির ভাগ দেশেই এটি বাধ্যতামূলক। দেশের ভেতরের কাজে সাধারণত মার্কশিটই প্রায় সব ক্ষেত্রে গ্রহণযোগ্য।
মার্কশিট ও ট্রান্সক্রিপ্ট শব্দ দুটি সমার্থক মনে হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে এ দুটি আলাদা জিনিস। ব্যবহারের দিক থেকেও দুটির মধ্যে বড় পার্থক্য আছে।
উচ্চশিক্ষা বা চাকরির জন্য বিদেশে আবেদন করলে সাধারণত মার্কশিটের বদলে ট্রান্সক্রিপ্ট চাওয়া হয়। কারণ ট্রান্সক্রিপ্টে বিষয় কোডের পাশাপাশি বিষয়ের নাম বা শিরোনামও থাকে, যা মার্কশিটে থাকে না। নিচে দুটির নমুনা দেওয়া হলো।


একাডেমিক ট্রান্সক্রিপ্ট বনাম মার্কশিট
মার্কশিট কলেজ থেকে বিনা মূল্যে পাওয়া যায়, আর ট্রান্সক্রিপ্ট ফি দিয়ে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিতে হয়। বিদেশে প্রায় সব প্রতিষ্ঠানে ট্রান্সক্রিপ্ট লাগে।
| বিষয় | একাডেমিক ট্রান্সক্রিপ্ট (Academic Transcript) | মার্কশিট (Marksheet) |
|---|---|---|
| কে দেয় | মার্কশিট পাওয়ার পর সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় (বোর্ড) থেকে সংগ্রহ করতে হয়। | কোর্স শেষ করার পর কলেজ থেকে দেওয়া হয়। |
| বিদেশে গ্রহণযোগ্যতা | বিদেশের প্রায় সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক। | বিদেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয়। |
| দেশে গ্রহণযোগ্যতা | দেশের সব প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য। | দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য। |
| ফি | অনলাইনে আবেদনের সময় ফি দিতে হয়। | সম্পূর্ণ বিনা মূল্যে, নিজ কলেজ থেকে। |
ট্রান্সক্রিপ্ট উত্তোলনের ধাপসমূহ
আবেদন শুরু থেকে ট্রান্সক্রিপ্ট হাতে পাওয়া পর্যন্ত মোট আটটি ধাপ।
প্রস্তুতি
আবেদন ফরম পূরণ ও সত্যায়ন
আবেদন ফরম পূরণ করে নিজ কলেজ থেকে অধ্যক্ষ (প্রিন্সিপাল) দিয়ে সত্যায়িত করিয়ে আনুন।
ডকুমেন্ট স্ক্যান করুন
প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্ট স্ক্যান করে PDF করুন। প্রতিটি ফাইলের আকার ২ মেগাবাইটের (2 MB) কম হতে হবে।
অনলাইনে আবেদন
Student Portal-এ অ্যাকাউন্ট খুলুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Portal-এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
Academic Transcript-এর আবেদন নির্বাচন করুন
অ্যাকাউন্টে লগইন করে Academic Transcript-এর আবেদন নির্বাচন করুন।
তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড
পেজের সব তারকাচিহ্নিত (*) ঘর পূরণ করুন এবং নিচে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
আবেদন ফি পরিশোধ করুন
বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন।
অপেক্ষা ও সংগ্রহ
৫–৭ কর্মদিবস অপেক্ষা করুন
ট্রান্সক্রিপ্ট প্রস্তুত হতে ৫–৭ কর্মদিবস অপেক্ষা করুন (দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সময়ে তারতম্য হতে পারে)। প্রস্তুত হলে ড্যাশবোর্ডে “Printed” স্ট্যাটাস দেখা যাবে।
মেইন ক্যাম্পাস থেকে সংগ্রহ করুন
“Printed” স্ট্যাটাস আসার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে (গাজীপুর) এসে ট্রান্সক্রিপ্ট সংগ্রহ করুন। ঠিকানা: বোর্ড বাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়-১৭০৪, গাজীপুর।
প্রয়োজনীয় ডকুমেন্ট
আবেদনের সঙ্গে নিচের কাগজগুলো লাগে।
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (সব বর্ষের)
- প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate)
- নম্বরপত্র (মার্কশিট)
- এইচএসসি সার্টিফিকেট (ডিগ্রি বা অনার্সের ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে)
- ডিগ্রি বা অনার্সের সার্টিফিকেট (মাস্টার্সের ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে)
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (ফরমটি এই লিংক থেকে ডাউনলোড করুন)
আবেদন ফি ও পরিশোধের মাধ্যম
ট্রান্সক্রিপ্টের আবেদন ফি ৭০৭ টাকা, যা ব্যাংক ড্রাফট হিসেবে দিতে হয়। ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) মাধ্যমেও পরিশোধ করা যায়।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
একাডেমিক ট্রান্সক্রিপ্টে কত দিন লাগে?
নিয়মিত (রেগুলার) কোর্সে সাধারণত ৫–৭ কর্মদিবস লাগে। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সময়ে তারতম্য হতে পারে। প্রফেশনাল কোর্স ও পুরোনো ব্যাচের (Old Batch) শিক্ষার্থীদের ক্ষেত্রে ১–২ মাসও লাগতে পারে।
প্রভিশনাল সার্টিফিকেট, এডমিট কার্ড বা মার্কশিট না থাকলে কিংবা হারিয়ে গেলে কি ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করা যাবে?
না থাকলে বা হারিয়ে গেলে আগে সেগুলোর ডুপ্লিকেট কপি তুলতে হবে। ডুপ্লিকেট সেবা দেখুন: প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট ও প্রবেশপত্র। সহায়তা লাগলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।
প্রতি বর্ষের আলাদা ট্রান্সক্রিপ্ট নেওয়া যায় কি? চলমান শিক্ষার্থী প্রথম বা দ্বিতীয় বর্ষ শেষ করলে কি ট্রান্সক্রিপ্ট পাবেন?
হ্যাঁ, নেওয়া যায়। সেক্ষেত্রে প্রতিটি ট্রান্সক্রিপ্টের জন্য আলাদা করে ব্যাংক ড্রাফট (আবেদন ফি) দিতে হবে।
সহায়তা ও সম্পর্কিত গাইড
ট্রান্সক্রিপ্ট উত্তোলনের বিষয়ে বিস্তারিত জানতে বা সহায়তা পেতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।