জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মূল সার্টিফিকেট উত্তোলনের নিয়মাবলি
মূল সার্টিফিকেট, যা মেইন সার্টিফিকেট (Main Certificate / Original Certificate) নামেও পরিচিত, হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের (NU) দেওয়া চূড়ান্ত সার্টিফিকেট। এটি অনলাইনে আবেদন করে সরাসরি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করতে হয়।
- সময়
- ৭–১০ কর্মদিবস*
- ফি
- ৳৬০৬
- সংগ্রহ
- গাজীপুর মেইন ক্যাম্পাস
*দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সময়ে তারতম্য হতে পারে। প্রফেশনাল কোর্স বা হাতে লেখা সার্টিফিকেটের (পুরোনো ব্যাচ) ক্ষেত্রে ২–৩ মাসও লাগতে পারে।
এই পেজে (সূচিপত্র)
মূল সার্টিফিকেট (Main Certificate) কী এবং কখন প্রয়োজন হয়
বিদেশে উচ্চশিক্ষা বা চাকরির আবেদনে মূল সার্টিফিকেট লাগে। ইদানীং দেশের বেশির ভাগ সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রেও এটি চাওয়া হয়, এবং অনেক সময় তা বাধ্যতামূলক।
অনেক শিক্ষার্থী মূল সার্টিফিকেট ও প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) একই জিনিস মনে করেন। বাস্তবে দুটির উদ্দেশ্য ও ব্যবহার আলাদা।


মূল সার্টিফিকেট (Original Certificate) বনাম প্রভিশনাল সার্টিফিকেট
প্রভিশনাল সার্টিফিকেট কলেজ থেকে বিনা মূল্যে পাওয়া যায়, আর মূল সার্টিফিকেট ফি দিয়ে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিতে হয়। বিদেশে শুধু মূল সার্টিফিকেটই গ্রহণযোগ্য।
| বিষয় | প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate) | মূল সার্টিফিকেট (Main Certificate) |
|---|---|---|
| কে দেয় | কোর্স শেষ করার পর কলেজ থেকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে দেওয়া হয়। | প্রভিশনাল সার্টিফিকেট পাওয়ার পর সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয় (বোর্ড) থেকে দেওয়া হয়। |
| নামের কারণ | বোর্ড সরাসরি দেয় না, তাই এটি সাময়িক। | বোর্ড সরাসরি দেয়, তাই এটি মূল। |
| বিদেশে গ্রহণযোগ্যতা | বিদেশের বেশির ভাগ বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য নয়। | বিদেশের সব প্রতিষ্ঠানে গ্রহণযোগ্য। |
| ফি ও সংগ্রহের স্থান | সম্পূর্ণ বিনা মূল্যে, নিজ কলেজ থেকে। | ফি (ব্যাংক ড্রাফট) দিয়ে অনলাইনে আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস (গাজীপুর) থেকে। |
| কখন পাওয়া যায় | শেষ বর্ষের চূড়ান্ত ফল প্রকাশের সাধারণত ২–৩ মাস পর। | প্রভিশনাল সার্টিফিকেট পাওয়ার পর অনলাইনে আবেদন করতে হয়; আবেদনের ৭–১০ কর্মদিবসের মধ্যে ইস্যু হয়। |
মূল সার্টিফিকেট উত্তোলনের ধাপসমূহ
আবেদন শুরু থেকে সার্টিফিকেট হাতে পাওয়া পর্যন্ত মোট আটটি ধাপ।
প্রস্তুতি
আবেদন ফরম পূরণ ও সত্যায়ন
আবেদন ফরম পূরণ করে নিজ কলেজ থেকে অধ্যক্ষ (প্রিন্সিপাল) দিয়ে সত্যায়িত করিয়ে আনুন।
ডকুমেন্ট স্ক্যান করুন
প্রয়োজনীয় একাডেমিক ডকুমেন্ট স্ক্যান করে PDF করুন। প্রতিটি ফাইলের আকার ২ মেগাবাইটের (2 MB) কম হতে হবে।
অনলাইনে আবেদন
Student Portal-এ অ্যাকাউন্ট খুলুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Student Portal-এ একটি অ্যাকাউন্ট তৈরি করুন।
মূল সার্টিফিকেটের আবেদন নির্বাচন করুন
অ্যাকাউন্টে লগইন করে মূল সার্টিফিকেটের আবেদন নির্বাচন করুন।
তথ্য পূরণ ও ডকুমেন্ট আপলোড
পেজের সব তারকাচিহ্নিত (*) ঘর পূরণ করুন এবং নিচে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন।
আবেদন ফি পরিশোধ করুন
বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে আবেদন ফি পরিশোধ করুন।
অপেক্ষা ও সংগ্রহ
৭–১০ কর্মদিবস অপেক্ষা করুন
সার্টিফিকেট প্রস্তুত হতে ৭–১০ কর্মদিবস অপেক্ষা করুন; তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সময়ে তারতম্য হতে পারে। প্রস্তুত হলে ড্যাশবোর্ডে “Signatured” স্ট্যাটাস দেখা যাবে।
মেইন ক্যাম্পাস থেকে সংগ্রহ করুন
“Signatured” স্ট্যাটাস আসার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে (গাজীপুর) এসে নিজে সার্টিফিকেট সংগ্রহ করুন। ঠিকানা: বোর্ড বাজার, জাতীয় বিশ্ববিদ্যালয়-১৭০৪, গাজীপুর।
প্রয়োজনীয় ডকুমেন্ট
মূল সার্টিফিকেটের আবেদনে পাঁচটি কাগজ লাগে।
- রেজিস্ট্রেশন কার্ড
- এডমিট কার্ড (শেষ বর্ষ)
- প্রভিশনাল সার্টিফিকেট (Provisional Certificate)
- নম্বরপত্র (মার্কশিট)
- অধ্যক্ষের সুপারিশসহ আবেদনপত্র (ফরমটি এই লিংক থেকে ডাউনলোড করুন)
আবেদন ফি ও পরিশোধের মাধ্যম
মূল সার্টিফিকেটের আবেদন ফি ৬০৬ টাকা, যা ব্যাংক ড্রাফট হিসেবে দিতে হয়। ফি মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ ইত্যাদি) অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও পরিশোধ করা যায়।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
মূল সার্টিফিকেট (Main Certificate) তে কত দিন লাগে?
সাধারণত ৭–১০ কর্মদিবস। তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সময়ে তারতম্য হতে পারে। প্রফেশনাল কোর্স বা হাতে লেখা সার্টিফিকেটের (পুরোনো ব্যাচ) ক্ষেত্রে ২–৩ মাসও লাগতে পারে।
আমার পক্ষে অন্য কেউ (ভাই, বোন) কি মূল সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে?
হ্যাঁ, পারবেন। তবে সেক্ষেত্রে আপনার স্বাক্ষরিত অনুমতিপত্র (Authorization Letter) এবং আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) কপি সঙ্গে নিতে হবে।
প্রভিশনাল সার্টিফিকেট, মার্কশিট, রেজিস্ট্রেশন কার্ড বা এডমিট কার্ড না থাকলে কি মূল সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে?
না। মূল সার্টিফিকেট নেওয়ার সময় প্রভিশনাল সার্টিফিকেট (প্রভিশনাল সার্টিফিকেট) জমা দিতে হয়। তাই আগে কলেজ অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রভিশনাল সার্টিফিকেট তুলে নিন, তারপর মূল সার্টিফিকেটের জন্য আবেদন করুন। রেজিস্ট্রেশন কার্ড বা প্রবেশপত্র হারিয়ে গেলে ডুপ্লিকেট সেবা দেখুন: রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র।
মূল সার্টিফিকেট হারিয়ে ফেললে কী করব?
সেক্ষেত্রে আপনাকে ডুপ্লিকেট মূল সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে।
মূল সার্টিফিকেট বা Original Certificate কি অনলাইনে ডাউনলোড করা যায়?
না। প্রভিশনাল সার্টিফিকেট বা মূল সার্টিফিকেট, কোনোটিই অনলাইনে ডাউনলোড করা যায় না। অনলাইনে শুধু পরীক্ষার ফলাফল (রেজাল্ট) দেখা যায়।
অনার্স ও মাস্টার্সের মূল সার্টিফিকেটের জন্য কি আলাদা অ্যাকাউন্ট খুলতে হবে?
হ্যাঁ। প্রতিটি কোর্সের জন্য আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
যোগাযোগ ও সম্পর্কিত গাইড
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন সেবা নিয়ে সঠিক নির্দেশনা বা যেকোনো সহায়তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।